
মো শারীদ মোল্লা নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ জন বাংলাদেশিসহ মোট ১৩১ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভ্রমণ ভিসার অপব্যবহার ও প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগে তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।
গত শুক্রবার (১১ জুলাই) কেএলআইএতে অবতরণের পর মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে যাত্রীদের মধ্যে থাকা ভিসা ও ভ্রমণসংক্রান্ত অনিয়ম শনাক্ত হয়। পরবর্তীতে সোমবার (১৪ জুলাই) আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
একেপিএস-এর বিবৃতিতে বলা হয়, আটক হওয়া ব্যক্তিদের অনেকে হোটেল বুকিং দেখাতে পারেননি, ইমিগ্রেশন কাউন্টারে সঠিকভাবে রিপোর্ট করতে ব্যর্থ হন এবং তাদের সঙ্গে পর্যাপ্ত অর্থও ছিল না। কেউ কেউ দাবি করছিলেন এক মাস মালয়েশিয়ায় থাকার পরিকল্পনার কথা, অথচ অনেকের কাছেই মাত্র ৫০০ রিংগিত (প্রায় ১৩ হাজার টাকা) ছিল। যা মাসব্যাপী অবস্থানের জন্য পর্যাপ্ত নয় বলে মন্তব্য করে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (JIM) নিয়ম অনুযায়ী, বিদেশি কোনো দর্শনার্থীকে দেশে ঢোকার অনুমতি দেওয়ার আগে প্রমাণ করতে হবে যে, তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং দেশে বোঝা হবে না। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, “মালয়েশিয়ায় আগত সকল পর্যটককে আগে থেকেই তাদের আবাসন ব্যবস্থা, আর্থিক সংস্থান ও ভ্রমণ পরিকল্পনা যথাযথভাবে সাজিয়ে রাখতে হবে, যাতে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি না হয়।”
মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা সংস্থা বর্তমানে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে খুবই সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।