
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি সফরের অভিজ্ঞতা ও অর্জনের বিস্তারিত তুলে ধরেন।
প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর নেতৃত্বে একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি গত ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চীন সফর করেন। এসময় প্রতিনিধি দল হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
ভাইস চ্যান্সেলর বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম উন্নয়ন, গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ আয়োজনের পথ উন্মুক্ত হয়েছে। প্রাথমিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হলেও ভবিষ্যতে তা আরও সুনির্দিষ্টভাবে বাস্তবায়িত হবে।
তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ভাষা কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনে স্কলারশিপ প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহেদ হাসান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।