
রাজবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।
মো. মজিবুর জুয়েল,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে সোমবার (১০ মার্চ) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান।
সকাল ১১টায় শুরু হওয়া এ আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি, ঝুঁকি নিরসনে করণীয় এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনা সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগকালীন সময়ে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।