
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে দুই ফেরী আটকা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মানিকগঞ্জের পাঁটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাত ৩টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরী চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয় থেকে জানা যায় -ঘনকুয়াশার কারণে বুধবার দিবগত মধ্যরাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে ছোট বড় মিলে দুইটি ফেরী আটকা পড়ে। তখন গোয়ালন্দের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানেল ঘাট এলাকা পর্যন্ত দূরপাল্লার বাস ও বাসের যাত্রীসহ ট্রাকগুলোকে পারাপারের অপেক্ষায় মহাসড়কে আটকে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার পরিমাণ রাত ২ টার পর থেকে বেড়ে গেলে রাত তিনটার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেই। বর্তমানে দৌলতিদয়া প্রান্তে ১২টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার ও তিনটি ফেরীঘাট ঘাট চালু রযেছে বলে জানান এই কর্মকর্তা।