
মিরপুর স্টেডিয়ামের পাশে সাকিব ভক্তদের সাথে সাকিব বিরোধীদের পাল্টা কর্মসূচি
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
আজ ১৮ই অক্টোবর শুক্রবার দুপুরের পর থেকে সাকিব ভক্তরা অবস্থান নেয় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। এ সময় তারা ব্যানার হাতে ‘সাকিব, সাকিব’ নামে স্লোগান দিতে থাকে।
গতকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বিরোধীদের কর্মসূচি লক্ষ্য করা গিয়েছিল। এসবের কারণে আজ নিরাপত্তা আরও জোরালো করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, আজ কোনো শিথিলতা থাকবে না এবং পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
গতকাল ছাত্র প্রতিনিধিদের কিছু অংশ স্টেডিয়ামের প্রবেশ গেটে সাকিব বিরোধী সমাবেশ করেছে, কিন্তু আজ থেকে টেস্ট ম্যাচ চলা পর্যন্ত অনুমতি ছাড়া কোনো সমাবেশের সুযোগ থাকবে না। পুরো এলাকা ভিভিআইপি জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
গত রাতে সাকিব বিরোধী এবং সমর্থক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা আসে। আজ বেলা ২টা থেকে উভয় পক্ষের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়। অবশ্য দুপুর পর্যন্ত মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ছাত্রদের কোনো কার্যক্রম চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকেন সাকিব ভক্তরা। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের মিরপুর ১০ নম্বর গোলচত্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, যা স্টেডিয়ামের আশপাশে চলমান নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।