
নেত্রকোনা -১(কলমাকান্দা, দুর্গাপুর) আসনে: স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রকাশ্যে হুমকি, প্রচারে বাঁধা ও মারধরের অভিযোগে সাংবাদিক সম্মেলন
শহীদুল ইসলাম রুবেল,
নেএকোণা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ০১ (কলমাকান্দা-দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকী, প্রচারে বাঁধা ও মারধরের অভিযোগ ওঠেছে নৌকা প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন এ আসনের স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
লিখিত অভিযোগে তিনি বলেন, এ আসন থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার বার বার এমপি নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করেছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে এ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি প্রতীক পাওয়ার পর থেকে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নির্দেশে আমার কর্মীদের প্রকাশ্যে মারধর, প্রচারে বাঁধা, মানহানীকর বক্তব্য সহ প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাকে অহেতুক হয়রানী করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি তালুকদারের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। এছাড়া পোগলা বাজার, কৈলাটি, লেঙ্গুরা ও নাজিরপুর বাজারে স্বতন্ত্রপ্রার্থীর মাইকিং বন্ধ করে দেয় যুবলীগ নেতা ফারুক ও খাইরুল। স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস স্থাপন করতে গেলে যুবলীগ নেতা বাচ্চু মিয়া ও মোজাম্মেল এর নেতৃত্বে ৪/৫ জনসংঘবদ্ধ দল অফিসে এসে আমার কর্মীদের মারধর অফিস থেকে বের করে দেয়।
আমার কর্মী আনোয়ার ভূঁইয়া (২২), রাজু মিয়া (৪৫), মামুন ভূঁইয়া (২৮), আঃ গণি ভূঁইয়া (৫৫), মো. জুলহাস (৩৫), কামরুজ্জামান (৩৬) সহ অন্তত ১১জনকে গুরুতর আহত করেছে, যারা এখনো নিজ বাড়ী ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলায় নির্বাচনী কাজে নিয়োজিত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছি এবং সুষ্ঠ নির্বাচনের দাবী জানাচ্ছি।এ সময় ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা, ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর, সাবেক পৌর কাউন্সিলর দুলাল মিয়া,উপজেলা যুবলীগ নেতা মো. ইমরান, মোবেন ইবনে সাঈদ স্ট্যালিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।