
সাকিব রহমান ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের বাসটি চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে সড়ক নির্মাণকাজের কারণে দীর্ঘ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যানজটে আটকে ছিল। যানজট ছাড়ার কিছুক্ষণ পর বাসটি চলতে শুরু করে। চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় এবং গতির কারণে বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী ছিলেন।
বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, ‘আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। মানুষের জীবনের নিরাপত্তা কি আদৌ আছে? ক্ষমতা ভোগ করবে বিভিন্ন দল, আর দিনশেষে হামলার শিকার হতে হবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। বোমাটা যদি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগত, তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার জীবনের নিরাপত্তা কে দেবে?’
বাসটির চালক বুরাহান উদ্দিন বলেন, বাসটি চাঁদপুর ব্রিজ পার হয়ে ড্রাগন বাগানের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কালো মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তির একজন পেট্রল বোমাসদৃশ কিছু একটা নিক্ষেপ করেন। বাসের গতি কম থাকায় আমি বাসটি পাশ কাটিয়ে নিয়ে চলে আসি। আপাতত বাস বা কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি। বাসটিতে প্রায় ৩৫ জন শিক্ষার্থী, আমার সহকারী ও আমি ছিলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কোনো আলামত পাওয়া যায়নি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মহাসড়কজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।