
পাপলু মিয়া ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯০টি ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম-এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৯০টি চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০টি করে শাড়ি ছিল। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন (Special Powers Act), ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)(২)/২৫-ডি ধারায় ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৫, তারিখ: ০৮ নভেম্বর ২০২৬)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে কড়া পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে