
নুর হোসেন শার্শা যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল ও শার্শার কাশিপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের আজিজুল হোসেনের মেয়ে ফুলসুরাত (২৪) ও নুর হোসেনের মেয়ে জায়েদা খাতুন (৫৫)।বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় দুই বোতল নেশাজাতীয় দ্রব্য, ছয়টি শাড়ি, ২৫টি কম্বল, দুই প্যাকেট ফুচকা, তিন প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ওষুধ সামগ্রী ও ২৩১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।