
আসিফ মাহমুদ বিশেষ প্রতিনিধি যশোর জেলাঃ
শনিবার (৭ নভেম্বর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। পরে বস্তার ভেতরে মরদেহ থাকার বিষয়টি বুঝতে পেরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। তাঁর চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। এ ছাড়া শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি পাওয়া গেছে।