
মোঃ আব্দুল আলীম, বগুড়া সদর প্রতিনিধি:
বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এখলাস উদ্যোগে এই পাতা খেলার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে পাঁচবাড়িয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল থেকেই বিদ্যালয় মাঠে দর্শকদের ভিড় জমতে শুরু করে। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ খেলা দেখতে আসেন। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষের উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল খালেক, সহ-সভাপতি, শাখারিয়া ইউনিয়ন; আব্দুল খালেক, ইউপি সদস্য; বজলার রহমান, সভাপতি, ওয়ার্ড বিএনপি; রাব্বি হাসান, যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন যুবদল এবং সোহেল রানা, সদস্য, ইউনিয়ন যুবদল।
খেলায় অংশগ্রহণ করেন আজিম ফকির, চান মিয়া, মুরগি মোফা, রেজাউল, জাহাঙ্গীর ও ইউসুব। তাঁদের অংশগ্রহণে খেলাটি আরও জমজমাট হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তে দর্শকরা করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহ দেন। খেলোয়াড়দের কৌশল, বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
পাতা খেলা গ্রামবাংলার অতি পরিচিত ও ঐতিহ্যবাহী একটি খেলা। এক সময় গ্রামের হাট-বাজার, মাঠ-ঘাট ও উঠানে এই খেলার ব্যাপক প্রচলন ছিল। কালের বিবর্তনে আধুনিক নানা খেলা ও বিনোদনের ভিড়ে এই ঐতিহ্যবাহী খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। সেই হারানো ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাতা খেলা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই খেলা শুধু বিনোদনই নয়, এটি গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছর এই আয়োজন করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পাতা খেলার মতো ঐতিহ্যবাহী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এখলাস এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। তাঁরা বলেন, এই ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে আনন্দ ও ঐক্য বাড়ায়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
খেলা শেষে উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।