
রাজশাহীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
‘প্রকৃত ইসলামই নারীমুক্তির একমাত্র উপায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় হেযবুত তওহীদের রাজশাহী জেলা কার্যালয়ে সংগঠনটির জেলা নারী বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক উম্মে হানি। বক্তব্যে তিনি নারীদের অধিকার, সম্মান, মর্যাদা ও প্রকৃত মুক্তি নিশ্চিত করতে তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
উম্মে হানি বলেন, নারীর প্রকৃত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য এমন একটি সমাজব্যবস্থা প্রয়োজন, যেখানে নারীকে মানুষ হিসেবে যথাযথ সম্মান দেওয়া হবে এবং তার অধিকার সুরক্ষিত থাকবে। তাঁর মতে, প্রকৃত ইসলাম তথা তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব।
বর্তমান সমাজে নারীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সমাজের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে, যা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। সভ্যতার মুখোশে আচ্ছাদিত বর্তমান সমাজে নারীরা প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি নিজ পরিবারেও নারীর নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। একদিকে ধর্মের নামে মনগড়া ফতোয়া দিয়ে নারীদের অধিকার হরণ এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বঞ্চিত করার অপচেষ্টা চলছে, অন্যদিকে তথাকথিত স্বাধীনতার নামে নারীকে ভোগ্যপণ্যে পরিণত করার প্রবণতাও অব্যাহত রয়েছে।
হেযবুত তওহীদের এই নারী নেত্রী মনে করেন, নারীর প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে সমাজে প্রচলিত অন্যায়, বৈষম্য, শোষণ ও নারীর প্রতি অসম্মানজনক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। একই সঙ্গে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ধর্মের প্রকৃত শিক্ষা অনুসরণ এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
সম্মেলনের প্রতিপাদ্য তুলে ধরে আয়োজকরা নারীদের অধিকার, সম্মান ও নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃত ইসলামভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।