
রাজশাহী ব্যুরো :
নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ণকলস গ্রামে একটি সন্দেহজনক বাজারের ব্যাগ পড়ে রয়েছে। স্থানীয় সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাঁদের নির্দেশক্রমে এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উপস্থিত লোকজনের সামনে সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করা হলে এর ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোরের বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কাজ করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় বড়াইগ্রামের পূর্ণকলস গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।