
রাজশাহী ব্যুরো:
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ২০:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নামোচাকপাড়া সাকিনের ১৪৫নং নামোচাকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আম বাগানের ভিতর হতে একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামতসমূহ নাশকতা সৃষ্টির লক্ষ্যে উক্ত স্থানে সংরক্ষণ করে রেখেছিল।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।