
রাজবাড়ীতে গাঁজাসহ তিনজন আটক
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন, বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এবং রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাঁজাসহ আটক ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামের
আলাউদ্দিন শেখের ছেলে মো. ইলিয়াস শেখ (২৮), একই এলাকার মৃত ছমির উদ্দিন মোল্লার ছেলে মো. সালাম মোল্লা (৬০) এবং ধাওয়াপাড়া গ্রামের মাজেদের ছেলে মো. রিমন (১৯)।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শেখকে ১০ দিনের, মো. সালাম মোল্লাকে ৭ দিনের এবং মো. রিমনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।