
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর আহতদের পরিবারের হাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৬১টি পরিবারের মাঝে সর্বমোট ২ কোটি ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পরিচালক পলাশ খিসার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এবং বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্ট ফান্ড থেকে দুর্ঘটনায় প্রতিটি নিহত পরিবারের হাতে ৫ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার ধরন ও ক্ষয়ক্ষতির ওপর ভিত্তি করে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
সহায়তা পাওয়ার পর অনেক স্বজনহারা সদস্য আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয়জনকে হারানোর অপূরণীয় ক্ষতির মাঝে সরকারের এই তাৎক্ষণিক পাশে দাঁড়ানোর উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
বক্তারা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক উল্লেখ করে বলেন, এ ধরনের আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে যেন এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
বিআরটিএ ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এই ট্রাস্ট ফান্ড থেকে অর্থ দেওয়ার প্রক্রিয়া নিয়মিত চলমান থাকবে।