
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি মানবসেবার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। জরুরি মুহূর্তে রক্ত সংকটে পড়া এক প্রসূতির জীবন বাঁচাতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তারা নিজেদের শরীর থেকে মোট ৫ ব্যাগ রক্ত দান করে মা ও নবজাতক—উভয়ের জীবন রক্ষা করেছেন।
রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে সিজারিয়ান অপারেশনের জন্য আসা ওই প্রসূতির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন জানান। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় রক্তের যোগান দেওয়া সম্ভব না হওয়ায় তীব্র সংকট তৈরি হয়। পরিস্থিতি জটিল দেখে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা দেরি না করে নিজেরাই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।
গাইনি বিশেষজ্ঞ ডা. পল্লবীর নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ৫ ব্যাগ রক্ত প্রদান করেন। পাশাপাশি দ্রুততম সময়ে রক্তের সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্যাথলজি ইনচার্জ মোহাম্মদ আলী।
সময়োপযোগী এই পদক্ষেপের ফলে প্রসূতি ও তার সদ্যজাত শিশুটি আপাতত বিপদমুক্ত। চিকিৎসকদের এই নিঃস্বার্থ সহায়তায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোগীর স্বজনেরা। এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এবং চিকিৎসা পেশার মহান ব্রতকে আরও একবার উঁচুতে তুলে ধরেছে।