
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও(বালিয়াডাঙ্গী):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে অভিনব কায়দায় মেঝের নিচে গোপন গর্তে লুকিয়ে রাখা ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ও Magic Moments ব্র্যান্ডের এক বোতল বিলাতী মদ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আমানুল্লাহ আমান (৪২) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযানকালে উপজেলার ছোট সিঙ্গীয়া (টাওয়ারপাড়া) এলাকার একটি বাড়ির রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে রাখা গ্যাস সিলিন্ডারের নিচে পাকা মেঝেতে বিশেষভাবে তৈরি একটি গোপন গর্তের সন্ধান পাওয়া যায়।
পরে মেঝে খুঁড়ে প্রায় ২ ফুট গভীর ও ১০ ইঞ্চি ব্যাসের ওই গর্ত থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ও এক বোতল বিলাতী মদ উদ্ধার করা হয়।
অভিযুক্ত আমানুল্লাহ আমান (৪২) ছোট সিঙ্গীয়া (টাওয়ারপাড়া) এলাকার মৃত সফিজুল হকের ছেলে।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।