
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এস এম হুমায়ূন কবির
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে যোগ দিতে বুধবার বিকেল থেকেই সিরাজগঞ্জ জেলার ১৮টি ইউনিট (বিভিন্ন উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিয়ন) থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জড়ো হতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এছাড়া নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের প্রতিকৃতি নিয়ে তারা এই আয়োজনে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে এবং মুহুর্মুহু দলীয় স্লোগানে পুরো মিলনায়তন চত্বর ও আশেপাশের এলাকা মুখরিত করে তোলেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
র্যালি বের হওয়ার আগে ভাসানী মিলনায়তন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এবং সদস্য সচিব মিলন হক রঞ্জু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল, যুগ্ম-আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু ও হেলাল আহমেদসহ জেলা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল এই র্যালিটি শহরের প্রধান সড়ক এস. এস. রোড প্রদক্ষিণ করে। দীর্ঘ এই আনন্দমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পার হয়ে অবশেষে বাজার স্টেশনের ফোয়ারা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
রাজপথে এমন উৎসবমুখর ও বড় পরিসরের আয়োজন হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।