
শেরপুরে ৩ বছর পর ভ্যানচালক মন্নাছ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
মোঃ রমজান আলী, শেরপুর:
শেরপুরের নকলায় নারীর প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ভ্যানচালক আঃ মন্নাছ হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। দীর্ঘ তিন বছর পর
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শহরের পুরাতন গরুহাটি এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান
সংস্থাটির পুলিশ সুপার পংকজ দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নক্লার পাঠাকাটা এলাকার নিজ বাড়ি থেকে ভ্যানচালক আঃ মন্নাছকে নারীর প্রলোভনে ডেকে
নিয়ে যায় তার তিন বন্ধু—মোস্তাকিন, স্বপন ও শাহীন। পরে রাত ১০টার দিকে উপজেলার বাঘমারী বিলের কাছে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এরপর মরদেহ বিলের কাদা ও কচুরিপনায় ঢেকে রেখে তার ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে ওই ভ্যানের ব্যাটারি ১৪ হাজার টাকায়
এবং অন্যান্য যন্ত্রপাতি ৮ হাজার টাকায় বিক্রি করে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তারা।
এ ঘটনায় নকলা থানায় মামলা হলে, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় পিবিআই মামলাটির ছায়াতদন্তের দায়িত্ব নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও মামলার
নিবিড় পর্যালোচনার মাধ্যমে অবশেষে মূলহোতাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই।
নিহতের স্ত্রী আছমা আক্তার বলেন:”এতদিন পর হলেও আমি আমার স্বামীর হত্যাকারীদের দেখতে পেয়েছি। আমার স্বামী একজন নিরীহ মানুষ ছিলেন,
কারো সাথে আমাদের কোনো ঝগড়া ছিল না। তারপরও তারা তাকে মেরে ফেলেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই। আমার একটি ছোট বাচ্চা রয়েছে,
তাকে পড়াশোনা ও খাওয়া-দাওয়া করানো খুব কষ্টকর হয়ে গেছে। আমার চলার মতো কিছুই নেই এখন।”
পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, “ঘটনার পর অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে পিবিআই তদন্তের দায়িত্ব পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা
এবং মামলার বিভিন্ন দিক বিশ্লেষণ করে মূল আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।”