
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫ সিরিজের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মেকানিকাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোঃ মাহবুবুল আলম।
রুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ২০২৫ সিরিজের মোট ১ হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই লাইব্রেরি কার্ড প্রদান করা হচ্ছে। মেশিন রিডেবল লাইব্রেরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত প্রায় ৪০ হাজার মুদ্রিত বই ব্যবহার করার সুযোগ পাবেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিপুলসংখ্যক ইলেকট্রনিক ও ডিজিটাল শিক্ষাসামগ্রী। নির্ধারিত ওয়েবপেজের মাধ্যমে তারা ১৯৭টি টাইটেলের ই-বুক, কনফারেন্স, জার্নাল ও ম্যাগাজিন, কোর্স, স্ট্যান্ডার্ড, লেখক, সাইটেশনসহ বিভিন্ন একাডেমিক রিসোর্স ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আইইইই (IEEE) জার্নালের বিপুলসংখ্যক প্রকাশনা ও প্রায় ৭৩ লাখ ৬৭ হাজার ৭৭৪টি সার্চ আইটেমে প্রবেশের সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ব্যবহারের এই সুবিধা তাদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কেন্দ্রীয় লাইব্রেরির এসব সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।