
কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার :মিজানুর রহমান
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম শেখ ওই গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে গিয়ে তিনি ফিডের বস্তার নিচে জসিমের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার গভীর রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করেন জসিম। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে জসিমের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।