
সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১
রাজশাহী ব্যুরো
পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনার পর ব্যাপক চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতভর সুজানগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে একজন মহিলাসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাদিক আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের সংখ্যা বা বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে সুজানগর থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।
পুলিশ জানিয়েছে, মথুরাপুরে পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।