
বদলগাছীতে র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী ব্যুরো
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। তবে অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল বদলগাছী থানার শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে একটি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৩৪)কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সহযোগী মিঠু পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেন, তিনি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। প্রাথমিক তদন্তে জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার ফারুক হোসেন এবং পলাতক মিঠুর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।