
রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা (স্ট্যাটাস) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মো. রেজাউল করিম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে হবে।
ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রদের অবস্থান ১৮তম, যা সরকারের স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের (১৯তম) এক ধাপ উপরে।
প্রজ্ঞাপনের অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং কূটনৈতিক অনুষ্ঠানে আমন্ত্রণ ও আসন বিন্যাসসহ সব ধরনের আনুষ্ঠানিক ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রজ্ঞাপনের ফলে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে নির্ধারিত মর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শনের বিষয়টি আরও সুস্পষ্ট হলো।