
জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের ২০ জনের হাতে গাভী তুলে দিল জেলা পরিষদ
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জেলা পরিষদের উদ্যোগে ২০ জনের মাঝে উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্রও তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গাভী ও সনদপত্র বিতরণ করা হয়। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি উপকারভোগীদের হাতে গাভী ও সনদপত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে জেলা পরিষদ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ ও গাভী বিতরণের মাধ্যমে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।