
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় ৭ জনসহ গ্রেপ্তার ২২, উদ্ধার হেরোইন-গাঁজা-স্কাফ সিরাপ
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক মামলায় ৭ জনসহ মোট ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ৭ জনের বিরুদ্ধে ৪টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানকালে উদ্ধার হওয়া মাদকের মধ্যে সদর থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন, শিবগঞ্জ থানা এলাকা থেকে ৭০ বোতল স্কাফ সিরাপ, ভোলাহাট থানা এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসী কার্যক্রম গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জেলার মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।