
কৃষ্ণ কুমার সরকার স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে SSC পরিক্ষা চলছে দিনে ও রাতে মিলিয়ে দীর্ঘ সময়ই বিদ্যুৎ থাকছে না। এতে জেলার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও বেশি খারাপ। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না তারা। বিশেষ করে পরীক্ষার মৌসুমে এই পরিস্থিতি শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় শিশুদের ঘুম, পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেকে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহে পরিবারের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত লোডশেডিং পরিস্থিতির উন্নতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।