
রাজশাহী ব্যুরোঃ
খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দায়িত্ব কমানো হয়েছে। তার দায়িত্ব কমিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. আব্দুল বারীর দায়িত্ব বেড়েছে। তাকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ গেজেটে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬ এর ৩(৪) অনুযায়ী এ দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
উল্লেখ্য , প্রতিমন্ত্রী আব্দুল বারী উত্তরবঙ্গের কৃতি সন্তান, তিনি আক্কেলপুর , কালাই ও খেতলালের সংসদ সদস্য।