
স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, গোপালপুর থানা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে ১০–১৫ জন নেতাকর্মী জড়ো হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
পরে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং পরবর্তীতে স্থান ত্যাগ করেন।
সকাল ১০টার দিকে স্থানীয় কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ব্যানারটি খুলে ফেলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় একদল বিক্ষুব্ধ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেন। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এ ঘটনায় গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ফজরের নামাজের সময় চুপিসারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গোপালপুরকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে কয়েকজন এসে পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।