
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অন্যতম আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম’-এর ২০২৫–২০২৬ কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাকী উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরমান তুহিন দায়িত্ব পেয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে আয়োজিত এক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনিযুক্ত সভাপতি মো. সাইফুল্লাহ বলেন, “মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদের যোগ্য মনে করে দায়িত্ব অর্পণ করায় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সিনিয়র ভাইদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফোরামের সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামীর কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ফোরামের সকল সদস্যের যেকোনো সমস্যা ও সংকটে পাশে থেকে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখব। পাশাপাশি উপদেষ্টা ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার গঠনমূলক কার্যক্রম, শিক্ষাসফর এবং নেতৃত্ব বিকাশমূলক উদ্যোগ গ্রহণে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আগামীর দায়িত্ব যেন ইনসাফের সঙ্গে পালন করতে পারি—সে জন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
প্রসঙ্গত, বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় আনুমানিক ১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।