
মো শারীদ মোল্লা নয়া কন্ঠ ডেক্স:
জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাবী মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় বালিয়াকান্দি কুটির মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, গণমানুষের পক্ষে কথা বলার কারণেই শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার টার্গেট করা হয়। তাঁরা বলেন,“এই হত্যার সুষ্ঠু বিচার না হলে দেশের ন্যায়বিচার ও গণতন্ত্র চরমভাবে ব্যাহত হবে।” বক্তারা আরও জানান, যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এছাড়া বিক্ষোভে বক্তারা ওসমান হাদিকে ‘স্বাধীনতার চেতনা ও গণমানুষের অধিকারের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং তাঁর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।
বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও পুরো এলাকায় ছিল উত্তেজনা ও শোকের আবহ। জনসাধারণের দাবি—এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে এলাকার নিরাপত্তা জোরদার করা হোক।