
ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনাবৃত অবস্থায় বালি পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজন ট্রলি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে অনাবৃত অবস্থায় বালি পরিবহনের অপরাধে দুইজন ট্রলি চালক—মোঃ হাসিব ও মোঃ শান্তকে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
মোবাইল কোর্টটি বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১৭ ধারার অধীনে পরিচালিত হয়, যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান খোলা বাজারে পেট্রোল বিক্রয় নিয়ন্ত্রণ ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় পেট্রোল পাম্প ও বাজার এলাকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসনের এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ জ্বালানি বাণিজ্য প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।