
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ধুলায় জনসাধারণের দুর্ভোগ বেড়েই চলেছে। এ দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীরা।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল কর্মী রিফাত হোসেনের নেতৃত্বে প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে ধূলা নিবারণের কাজ করেন কয়েকজন ছাত্রদল কর্মী।
এদের মধ্যে ছিলেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নয়ন হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম তপু, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. সাইফুল্লাহ ও শাহাজালাল সিয়াম।
ভ্যানচালক মুজিবর রহমান বলেন, “ধুলাবালিতে চলাচল অনেক কষ্টকর হয়ে ওঠে। এ ধরনের মহৎ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”
রিফাত হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের এই মহাসড়কে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও পথচারী চলাচল করেন। ধুলায় সবাই অতিষ্ঠ। তাই তাদের দুর্ভোগ কমাতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”