
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫:
শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণ, সামাজিক স্বীকৃতি ও জীবনমান উন্নয়নের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৭ দফা দাবিনামা জমা দিয়েছে “কিশোরগঞ্জ শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা”।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মোঃ মসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অন্যান্য নাগরিকদের মতো শ্রবণ ও বাক প্রতিবন্ধীরাও রাষ্ট্রের সমান অধিকারভোগী। অথচ তারা দীর্ঘদিন ধরে নানা অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে সমাজের মূলধারা থেকে পিছিয়ে আছেন।
দাবিনামার সাতটি মূল দাবির মধ্যে রয়েছে— সংগঠনের জন্য সরকারি জমিতে নিজস্ব কার্যালয় স্থাপন, অসহায় বধির সদস্যদের পুনর্বাসন ও আবাসনের ব্যবস্থা, আইনগত সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ ও জিআর কার্ডের সংযোজন, গণপরিবহনে হাফ ভাড়া, তফসিলভুক্ত ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে অংশগ্রহণে প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা।
সংগঠনের নেতারা বলেন, সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন হতে হবে যাতে শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা অবহেলার শিকার না হয়। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসা নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।
জেলা প্রশাসক প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহ শুনে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন এবং এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানান।