
মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ
উন্নয়ন, মানবিকতা ও কর্মনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বদলিজনিত কারণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসন থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম।
তাঁর এই বিদায়ে আক্কেলপুরে নেমে এসেছে গভীর আবেগ ও ভালোবাসার স্রোত। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সন্মাননা স্মারক, কৃতজ্ঞতার বার্তায় ভরে উঠেছে ফেসবুক টাইমলাইন।
বদলির খবরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ প্রকাশ করেছেন কৃতজ্ঞতা ও শুভকামনা।
এ উপজেলায় প্রায় দুই বছরে ইউএনও মনজুরুল আলমের নেতৃত্বে আক্কেলপুর উপজেলা পেয়েছে উন্নয়ন ও সুশাসনের নতুন রূপ। ২০২৪ সালের সরকার পরিবর্তনের পর আক্কেলপুর উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্ব পান তিনি। এরপড় থেকেই পরিত্যক্ত মাঠে গড়ে উঠেছে খেলার মাঠ, উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তার এই অল্প সময়ে করেছেন। তাঁর সময়ে রাস্তাঘাটে ফিরেছে শৃঙ্খলা, অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে নতুন ভবন, এসেছে নতুন দিকনির্দেশনা এবং অবহেলিত, অসহায় জনগোষ্ঠী পেয়েছে সরকারি সহায়তা। তাঁর অফিসে কোন মানুষ কোন কাজে আসলে তিনি কখনই কাউকে নিরাশ করেননি। তাঁর সততা ও নিষ্ঠার সাথে সকলের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, উন্নয়নমূলক প্রতিটি কাজে তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করতেন। যেকোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানো ছিল তার দৈনন্দিন অভ্যাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও স্থানীয়রা তার প্রতি প্রকাশ করেছেন আবেগঘন প্রতিক্রিয়া।
কেউ কেউ লিখেছেন, আপনার মেধা, পরিশ্রম ও বিচক্ষণতা কখনো ব্যর্থ যাবে না। অসময়ে আপনার এই বিদায় আক্কেলপুরের জন্য বড় ক্ষতি। আবার কেউ বলেছেন, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আপনি ছিলেন নেতৃত্বের কেন্দ্রে। আপনার মতো সৎ, পরিশ্রমী কর্মকর্তা প্রশাসনে বিরল।
ইউএনও মনজুরুল আলম শুধু উন্নয়ন কর্মকাণ্ডেই নয়, মানবিক উদ্যোগেও ছিলেন অনন্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো, প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসন, শিক্ষার্থীদের জন্য সহায়তা ও প্রেরণাদায়ী কর্মসূচি গ্রহণ, খেলাধুলার আয়োজন, এগুলোই ছিল তার প্রশাসনিক কর্মকাণ্ডের বিশেষ বৈশিষ্ট্য।
বিধি মোতাবেক সরকারি আদেশে তিনি আক্কেলপুর উপজেলা থেকে বদলি হয়ে বগুড়া জেলার শেরপুর উপজেলার ইউএনও হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
আক্কেলপুরের স্থানীয়দের মতে, ইউএনও মনজুরুল আলম শুধু একজন প্রশাসক নন, তিনি ছিলেন আক্কেলপুরের আত্মার অংশ। তার সৎ, কর্মঠ ও মানবিক মনোভাব সাভারবাসীর মনে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।