
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা গ্রামে এক চিহ্নিত সন্ত্রাসীর প্রাণনাশের হুমকি ও জায়গা দখলের ঘটনায় চরম আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। পুরো গ্রামে এখন উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় আজহারুল হক (৫৫), পিতা মৃত মফিজ উদ্দিন, সম্প্রতি নিকলী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ শরীফ (৩৮), পিতা গিয়াস উদ্দিন, দীর্ঘদিন ধরে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। সে বিভিন্ন সময় গ্রামবাসীকে ভয়ভীতি ও মারধরের মাধ্যমে জিম্মি করে রাখার চেষ্টা করে আসছে বলে ভুক্তভোগী জানান৷
আজহারুল হক অভিযোগে বলেন, ১১ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৪টা ৩৬ মিনিটে শরীফ তার ব্যবহৃত ফোন নম্বর (০১৭০৭৯২৭০৮৬) থেকে তার ফোনে (০১৯১৬৪৬৮৫১২) কল করে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে শরীফ বলেন, “তোমাকে রাস্তা ঘাটে পেলে খুন করে ফেলব।” এছাড়াও বাদীর পরিবারের নারী সদস্যদের নিয়ে অশালীন ও হুমকিমূলক কথাবার্তা বলে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হুমকিদাতা শরীফ তার দলবল নিয়ে ভুক্তভোগীর জায়গায় গিয়ে জোরপূর্বক দখল করে একটি ঘর নির্মাণ শুরু করে। এতে গ্রামে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, শরীফ ও তার বাহিনী দীর্ঘদিন ধরে ভূমি দখল ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে।
বাদী আজহারুল হক বলেন, “আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করছি।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, “দীর্ঘদিন ধরে এ সন্ত্রাসী চক্রের কারণে এলাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”