
নয়া কণ্ঠ ডেক্স থেকে মোঃ শারীদ মোল্লাঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এই অভিযান চালানো হয়। জানা গেছে, দুদক টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট জমি রেজিস্ট্রেশনের খরচ জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ দাবি করেন। পরে দুদক অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করে এবং সেবা নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তথ্য নেয়।
সেবার মানোন্নয়নের জন্য টিম কার্যালয়ে সরকার নির্ধারিত ফি সিটিজেন চার্টারে প্রদর্শিত রাখার নির্দেশ দেয়। এছাড়া, অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও ঘুষ দাবির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার সত্যতা পাওয়া গেছে।” তিনি আরও জানান, গ্রাহক হয়রানি বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।