
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে হাওর এলাকায় ধলাই নদীতে বালুবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ২জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকাল ৩টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে নেত্রকোণা ডুবুরিরা।
মৃত ২ শ্রমিক হচ্ছে, মোঃ জিয়া (২০) ও মোঃ মারুফ (২৪)। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাত ৩টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে।মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শ নগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শ নগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়।এ সময় নৌযানে থাকা ৩ জনের মধ্যে ১জন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর ২জন নিখোঁজ থাকেন। (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালালেও ভারি বৃষ্টি ও নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা কার্যক্রম ব্যাহত হয়৷ আজ বুধবার বিকালে ডুবুরি দল পূনরায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে যোগাযোগ করা হলে তিনি ২ শ্রমিকের মরদেহ উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।