
মুরাদ খান মানিকগঞ্জ জেলা প্রতিনিধঃ
প্রবল বৃষ্টি হোক বা তীব্র রোদ শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে যিনি অবিচল, তিনি হলেন ট্রাফিক সার্জেন্ট মো. রফিক। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার নিষ্ঠা ও পেশাদারিত্ব মানিকগঞ্জবাসীর কাছে প্রশংসিত।
শহরের ব্যস্ততম মোড়গুলোতে সার্জেন্ট রফিককে প্রায়শই দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। প্রচণ্ড গরমে যখন পিচঢালা সড়ক থেকে তাপের হলকা বের হয়, তখন তাকে দেখা যায় অবিরাম হাত নেড়ে গাড়ির গতিপথ ঠিক রাখতে। আবার হঠাৎ করে বৃষ্টি নামলে ছাতা বা রেইনকোটের তোয়াক্কা না করে ভিজেই দায়িত্ব পালন করে যান তিনি। তার এই অক্লান্ত পরিশ্রমের ফলে শহরের যানজট অনেকটাই কমেছে এবং দুর্ঘটনাও হ্রাস পেয়েছে।
স্থানীয় ব্যবসায়ী কার্তিক সার্জেন্ট রফিকের এই দায়িত্ববোধের প্রশংসা করেন। তার মতে, রফিক শুধু একজন ট্রাফিক সার্জেন্ট নন, তিনি শহরের শৃঙ্খলার প্রতীক। তার মতো কর্মকর্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখেন।
সার্জেন্ট রফিকের এই পেশাদারিত্ব প্রমাণ করে, দায়িত্বের প্রতি ভালোবাসা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। তার এই নিষ্ঠা মানিকগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে সাহায্য করছে।
সার্জেন্ট রফিক বলেন, আমি দায়িত্বকে সব সময় গুরুত্ব দিয়ে দেখি। আমার উপর অর্পিত সকল দায়িত্ব ও পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করি।
সার্জেন্ট রফিককে নিজের অনুপ্রেরণা মনে করেন সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক (এটিএসআই) শাহাদাত রহমান। তিনে বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করি শহরের ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে। আবহাওয়া যেমনই হোক না কেন, জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। তিনি আরোও বলেন, সার্জেন্ট রফিক স্যারের মতো নিবেদিতপ্রাণ পুলিশ সদস্যরা আমাদের জন্য অনুপ্রেরণা।