
রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২ আগস্ট শনিবার ফিশারীজ অনুষদের আয়োজনে “Aquaculture Future: Advancing Sustainable Enterprises in Bangladesh” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিশারীজ অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এ সেমিনারে দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অ্যাকুয়াকালচার) ড. মো. আমিমুল এহসান এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ।
সেমিনারে সভাপতিত্ব করেন ফিশারীজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
সেমিনারে বক্তারা বলেন, দেশের ফিশারীজ খাতকে টেকসই ও উদ্ভাবনীভাবে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। তারা বলেন, প্রাকৃতিক জলাশয় ও চাষযোগ্য জলজসম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এজন্য একাডেমিক গবেষণা, সরকারি সহায়তা ও বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণ অপরিহার্য।
সেমিনারে ফিশারীজ অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়, যা দেশের মৎস্য শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।