
ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা হোসাইন এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন লস্কর।
এছাড়া সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মনির আজম মুন্নু, প্রভাষক মাসুদুর রহমান, বালিয়াকান্দি প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার ফলে বর্ষা মৌসুমে কাদায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। অনুমোদনহীন ওষুধের দোকান, করাতকল, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত।সড়কে বেপরোয়া মোটরসাইকেল চলাচল, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ইত্যাদি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ। বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ন এলাকায় অকেজো সিসি ক্যামেরা দ্রুত মেরামত ও নতুন করে ডাবরী ব্রিজ সংলগ্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন সভায় জানান—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও বেশ কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় অনুমতি ও নীতিমালা মেনে চলছে না।অনেক প্রতিষ্ঠান চিকিৎসকের যোগ্যতা ছাড়াই রোগ নির্ণয় করছে এবং অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করছে।ডেঙ্গু ও কোভিড প্রতিরোধে জনসচেতনতা জরুরি হলেও উপজেলা পর্যায়ে বর্তমানে কোভিড পরীক্ষার কিট নেই।শিশুখাদ্যের বিষয়ে মায়ের দুধকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি।
অফিসার্স ইনচার্জ বালিয়াকান্দী মো. জামাল উদ্দিন জানান—উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। বিচ্ছিন্ন কিছু চুরি ও মাদক সংক্রান্ত ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা নেই। মাদক ব্যবসায়ীরা এখন মোবাইল ফোনে লেনদেন করে এবং নির্ধারিত স্থানে মাদক রেখে চলে যায়। কবরস্থান ও আমতলা বাজারসহ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা থাকলেও সেগুলো অকার্যকর। দ্রুত মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দেন তিনি।জঙ্গল ইউনিয়ন থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন লস্কর জানান, উপজেলা পরিষদের বিভিন্ন ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র সরবরাহ করা হয়েছে। ব্যানার, জরুরি নম্বর প্রদর্শনসহ সচেতনতা বৃদ্ধিতে চেয়ারম্যানদের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
সভায় আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন কোনোভাবে না ঘটে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। উঠতি বয়সের যুবকদের বেপরোয়া বাইক চালানো, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, আত্মহত্যা, অপহরণ, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া বালিয়াকান্দি সদরের চার রাস্তার মোড়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।