
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু কন্যা। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের চিনিউলারবাড়ী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—সাইফা (৮) ও মায়মুনা (৮)।
স্থানীয়রা জানান, দুপুরে একসাথে খেলতে খেলতে দুই শিশু পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নামে। কিন্তু পানির গভীরতা সম্পর্কে না জানায় হঠাৎই তারা তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সাইফা দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা একই গ্রামের এখলাছ উদ্দিনের মেয়ে। তারা উরদিঘী আলিম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই বয়সী দুই কিশোরীর এমন অকাল মৃত্যুতে স্বজনরা বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোরশেদ বলেন,
> “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নদী সংলগ্ন এলাকাগুলোতে শিশুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ঘটে এমন করুণ ঘটনা। সচেতনতা ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপই এ ধরনের মৃত্যুর মিছিল রোধ করতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
দুই শিশুর মৃত্যুতে গোটা করিমগঞ্জজুড়ে নেমে এসেছে গভীর শোক। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে প্রয়োজন সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ।