
সাভারে নয়ার হাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকান মালিক নিহত।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
সাভারের আশুলিয়া থানার নয়ার হাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনায় দোকান মালিক নিহত হয়েছেন। তার নাম দিলীপ দাস (৪৫)। ডাকাতদল তাকে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার ও নগত টাকা লুটে নিয়েছে। তবে কি পরিমান স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট হয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ধামরাই সীমানা লাগোয়া ধলেশ্বরী নদীর তীরে সাভারের অন্যতম বৃহৎতম বাজার নয়ার হাট। ব্যস্ততম ঐতিয্যবাহী এ বাজারের সেলু ঘাটে দিলীপ দাসের মালিকানাধীন দিলীপ স্বর্ণালয়ে রাত ৯ টার দিকে ৭/৮জনের একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতরে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাতদল স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট চালায়। এ সময় বাজারের বেশীর ভাগ মানুষ একাধিক মসজিদে তারাবীর নামাজে ছিলেন। তবে পাশ্ববর্তী কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয়ার চেষ্টা করে। একই সময় ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রাম দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। নিহতের ভাই কৃষ্ণ দাস জানান গুরতর আহত তার ভাইকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা দেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।