
অস্ত্র আইনের মামলাতেও খালাস মুক্তিতে বাঁধা নেই বাবরের
শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:
বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে করা মামলাতেও খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার (১৪জানুয়ারি) আলোচিত এ মামলার রায় ঘোষণা করে হাইকোর্ট। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।আর এ মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর অস্ত্র চোরাচালানের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ পাঁচজনকে খালাস দেয় আদালত। ফলে আলোচিত এ ঘটনার দুটি মামলাতেই উচ্চ আদালতের রায়ে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর।বাবরের আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের রায়ের কপি কেরাণীগঞ্জ কারাগারে পৌঁছালে যে কোনো সময় মুক্ত হবেন বাবর।২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটকের দুই মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১। আর অস্ত্র মামলায় ১৪ আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। পরে এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়।