
উত্তাল রাজবাড়ী কলেজ ছাত্র তানভীর হত্যার বিচারের দাবিতে
জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীতে ডা. আবুল হোসেন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তানভীর শেখের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তানভীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছাত্র ছিলেন। সে রাজবাড়ীর ৩নং বেড়াডাঙ্গা এলাকার পপি আক্তারের ছেলে।
আজ রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকা থেকে বিনোদপুরের সর্বস্তরের জনগণ ও তানভীরের বন্ধুমহলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বেড়াডাঙ্গা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নিহত তানভীরের মা পপি আক্তার, রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ফরজানা ইয়াসমিন ডেইজি, বিনোদপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা খায়রুল ইসলাম খায়রু, শামসুল আলম রানা, তানভীরের সহপাঠী মিরাজুল মাজীদ তূর্য, তাহসীন বিন তামিম বক্তব্য রাখেন।
মিছিল ও সামাবেশের কারণে রাজবাড়ীর বড়পুল থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত যানবাহন চলাচল ব্যাহত হয়।
এ সময় জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভাও ব্যাহত হয়। সহকারী কমিশনার নাহিদ আহমেদ বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুনরায় স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভ থেকে বক্তারা বলেন, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে তানভীরকে তার বাসার সামনে থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ মাত্র দুজন আসামিকে গ্রেফতার করেছে।
আসামিপক্ষ থেকে তানভীরের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য আসামিদের গ্রেফতার করতে না পারলে রাজবাড়ী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের কাছে নিহত তানভীরের মা বলেন, এই মামলার বাদি করা হয়েছে আমার ভাইকে। তাকে বর্তমানে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিজেই মামলার বাদি হওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আহ্বান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিক্ষোভকারীদের সব কথা আমি শুনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।