
মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধভাবে পুশ ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান নির্মূল এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধ দমনে বিজিবিকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
এ সময় তিনি উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ এবং দেশের অভ্যন্তরে মাদকের সরবরাহ বন্ধ করতে বিজিবি ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ৬ বিজিবি, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে বিজিবি, পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।