
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচরে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুরুষরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া কিছু বাড়িতে নারী ও শিশু-কিশোররা অবস্থান করলেও আছেন আতঙ্কের মধ্যে। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় রোববার (২২ নভেম্বর) ১০টা পর্যন্ত মামলা হয়নি বলে কালিয়া থানা সূত্রে জানা গেছে।
কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল মোল্যা হত্যাকাণ্ডের জের ধরে গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে কালিয়ার বেন্দারচর এলাকায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইল-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দোকানেও হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এরপর দু’দিন কেটে গেলেও বেন্দারচর গ্রামে স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। যদিও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে বেন্দারচর গ্রামের বাসিন্দারা বলেন, আমার দালানঘরে আগুন দেওয়ায় সব পুড়ে গেছে। এছাড়া রান্নাঘর, গোয়ালঘর, খড়েরগাদাও পুড়ানো হয়েছে। পুরুষরা বাড়ি নেই। আমি ভয়ের মধ্যে আছি। আমরা মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে খুব ভয়ে আছি কখন জানি আবার হামলা হয়৷ ঘর থেকে বের হতে ভয় লাগছে৷ সন্তানদের নিয়ে খুব আতঙ্কে আছি৷ আমার স্বামী ও ছেলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় কেউ বাড়িতে ছিল না। আমার দুইতলা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘরের মধ্যে কিছু নেই। সবকিছুই শেষ হয়ে গেছে। প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঐ এলাকায় ক্ষতিগ্রস্থ বাড়ি হোলো-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা ফকির মুশফিকুর রহমান লিটন, তার ভাই জাকারিয়া ফকির, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তাইন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার, আকমান সিকদার, মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিল্পব বিশ্বাস। ঘোষপাড়ায় কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের দাবি, তাদের অন্তত ৬০টি বাড়িঘর এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে কোনো বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। আবার কোনো বাড়িতে শুধু ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের জন্য ভুক্তভোগীরা বিএনপিকে দায়ী করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, কৃষকদল নেতা শাহিন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যা হত্যাকাণ্ডের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি। কালিয়া বাজারসহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। হিন্দু ভাইদের কোনো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়নি। ফেসবুকে অপপ্রচার করা হয়েছে। এছাড়া অন্যান্য বাড়িঘর ভাংচুরের তথ্যও মিথ্যা। আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এসব কাল্পনিক, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব করছে।
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম কালিয়ায় বাড়িঘর ভাংচুর নিয়ে কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব ঠিক নয়। হয়ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়সহ সবার জানমাল, ইজ্জত ও সম্মানের দায়িত্ব নিয়েছেন। এসব গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। নড়াইল কিন্তু গোপালগঞ্জ নয়।
কালিয়া পৌরসভার ঘোষপাড়ার কয়েকজন বলেন, আমাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, পুরো মিথ্যা কথা ফেসবুকে ছাড়ানো হয়েছে। বরং বিএনপির লোকজন আমাদের সবসময় দেখেশুনে রেখেছেন। আমাদের এখানে কোনো আগুনের ঘটনা ঘটেনি। যেটা প্রচার করা হচ্ছে, তা মিথ্যা। আমাদের ঘোষপাড়ায় কিছুই হয়নি। আমরা শান্তিতে আছি। ফেসবুকে যেটা প্রচার হয়েছে সেটা মিথ্যা ছাড়া কিছুই না। হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়নি। বেন্দারচর এলাকা এবং এর আশেপাশে কোনো হিন্দু পরিবার বসবাস করেন না। বেন্দারচর থেকে হিন্দু অধ্যুষিত ঘোষপাড়ার দুরত্ব প্রায় চার কিলোমিটার।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থের পরিমাপ নিরূপন করা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীদের দাবি, অন্তত ৬০টি বাড়িঘর ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে মর্মে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করছে। ঘটনাস্থল বেন্দারচর ও আশেপাশে কোন হিন্দু বসতি নেই। হিন্দু সদস্যের কোন পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। গত বুধবার দুইজন হত্যাকান্ডের জের ধরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন আকস্মিক ভাবে বেন্দারচর গ্রামে ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করে। এসব বাড়ির মধ্যে কিছু বাড়ি ৫ আগস্টে পর ভাঙচুরকৃত এবং পরিত্যক্ত। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক। রোববার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।