
মোঃ আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা:
চুয়াডাঙ্গা জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা। তাঁকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদায়নকৃত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তাঁর নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গায় পদায়নের আগে কানিজ ফাতেমা পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে আরও একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।