
ভোলা জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন মোল্লা:
আজ রবিবার (২২ নভেম্বর, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সভার শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রমের বিস্তারিত চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আহসানুজ্জামান।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
সভায় অক্টোবর-২০২৬ মাসে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মহোদয়। এ সময় তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ , ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।